জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ শুরু করেন। আহত শিক্ষার্থীর নাম আওরঙ্গজেব রমজান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের অর্থনীতি বিভাগের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তাঁর অভিযোগ, বুধবার বিকেলে অটোরিকশায় করে বিশমাইল এলাকা হয়ে টিউশনে যাচ্ছিলেন তিনি। পথে এক সেনাসদস্য তাঁর অটোরিকশা থামিয়ে লাঠি দিয়ে আঘাত করেন। মারধরের কারণ জানতে চাইলে ওই সেনাসদস্য তাঁর হাত ধরে পাশের একটি ছোট কক্ষে নিয়ে যান। সেখানে তাঁকে লাথি মারাসহ বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। সমস্যা সমাধানে একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।’
তিনি আরও জানান, অবরোধের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে। উপাচার্য বিষয়টি জানার পর দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন। এদিকে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত সেনাসদস্যকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

























