বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। কার্যালয়ের পাশে ময়লার স্তূপে লাগা আগুনে সামনের একটি ব্যানার পুড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সুজন মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমও সংবাদ প্রকাশ করেছে। তবে খবরটি ভিত্তিহীন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, বিষয়টি নিয়ে তিনি বগুড়ার পুলিশ সুপার, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে জানতে পেরেছেন, বিএনপির উপজেলা কার্যালয়ের পাশে ময়লার স্তূপে আগুন লাগে। সেই আগুনে কার্যালয়ের সামনের একটি ব্যানার পুড়ে যায়। সুজাউদ্দৌলা সুজন মাহমুদের ভাষ্য, ব্যানার পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অপপ্রচার চালানো হয়েছে। কিছু গণমাধ্যমও সেই অপপ্রচারে গা ভাসিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি সঠিক নয়।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক ওই স্থানে আগুন দিচ্ছেন। এ সময় সেখানে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনকালে দলীয় কার্যালয়ের ভেতরে আগুন লাগা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। কার্যালয় থেকে কিছুটা দূরে খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।






















