গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ কারাজীবন ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্র কোনো একদিনের বিষয় নয়; এটি ধারাবাহিকভাবে চর্চা ও সুরক্ষা করতে হয়।” বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, সুপ্রিম কোর্টে বিচারক সংকটের কারণে মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। রাষ্ট্রপতি সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে মানবিক মূল্যবোধের বিকাশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার নতুন সুযোগ তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের পক্ষে আপসহীন ভূমিকা রাখার জন্য তিনি আইনজীবীদের আহ্বান জানান।





















