শীতের বিকেল কিংবা সন্ধ্যা—এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে নাস্তা আড্ডাকে আরও প্রাণবন্ত করে তোলে। এমন আয়োজনে পালং পাকোড়া হতে পারে দারুণ পছন্দ। সহজলভ্য পালং শাক, বেসন ও ঘরে থাকা সাধারণ মসলা দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু এই খাবার।
প্রথমে পালং শাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কুচিয়ে নিন। এরপর একটি পাত্রে কুচানো পালং শাক, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও ধনিয়াপাতা নিন। এতে হলুদ, মরিচ, জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার মিশ্রণে বেসন ও চালের গুঁড়া যোগ করুন। শাক থেকে বের হওয়া পানি দিয়েই মিশ্রণটি তৈরি করুন। প্রয়োজন হলে অল্প পানি দিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন মিশ্রণটি বেশি পাতলা না হয়।
এরপর কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ছোট ছোট পাকোড়া ভেজে নিন। দুই পাশ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল মজাদার পালং পাকোড়া। গরম গরম টমেটো সস, চাটনি কিংবা ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করুন। শীতের বিকেলের আড্ডায় এই পাকোড়া যোগ করবে নতুন স্বাদ।


























