বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন ফরাসি কোচ এরিক মারে। অসুস্থতার কারণে পিটার বাটলারের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া এই কোচের প্রথম পরীক্ষা সিঙ্গাপুর সফর। এই সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, যেখানে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।
আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দারা। এরিক মারে জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন না এনে আগের খেলার ধরন বজায় রেখেই তিনি দলকে এগিয়ে নিতে চান। তিনি জানান, সিঙ্গাপুর দলের প্রবাসী ফুটবলারদের সামর্থ্য বিবেচনায় নিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে, নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কোচের নিয়োগ নিয়ে নিজের ভিন্নমতের কথা জানিয়েছেন। তবে অধিনায়ক মারিয়া মান্দা জানান, খেলোয়াড়রা নতুন কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত এবং সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর।

























