নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর পৌরসভার কাজীপাড়া ইদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন- কাজী মোখছেদুল (৪০), কাজী মাহাবুবুল (৬০), ফেরদৌসী বেগম (৪০), লিপি বেগম (৩৫), সাবিনা বেগম (২৫), শহিদুল ইসলাম (৬৫) ও মইনুল শেখ (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া ইদগাহ মাঠ এলাকায় ১০ শতক জমি নিয়ে কাজী মোখছেদুলের পরিবার ও মইনুল শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আদালতের রায়ের কাগজপত্র নিয়ে ওই জমিতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহত কাজী মোখছেদুলের জামাতা আরিফ হোসেন অভিযোগ করে বলেন, বিরোধপূর্ণ জমিটি তার শ্বশুরের পরিবারের। কিন্তু মইনুল শেখ জোরপূর্বক তা দখলে রেখেছেন। এ নিয়ে দীর্ঘদিন মামলা চলার পর আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। রায়ের কাগজপত্র নিয়ে জমিতে কথা বলতে গেলে প্রতিপক্ষ ভাড়াটে লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
অন্যদিকে মইনুল শেখের এক ভাই অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমির মালিক তারা। কাজী মোখছেদুল লোকজন ভাড়া করে এনে তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা করেছেন। এতে তাদের পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে মইনুল শেখ গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বার্তা২৪.কমকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























