খেজুরগাছের বাকলে দা-এর খটখট শব্দ, এর ফাঁকে ফাঁকে গাছিদের কণ্ঠে ভেসে আসছে লোকজ সুর। কোথাও দা-তে শান দেওয়ার শব্দ, কোথাও আবার গাছ পরিষ্কারের ব্যস্ততা। শীতের আগমনী বার্তায় এখন এমনই চিত্র দেখা যাচ্ছে মানিকগঞ্জের হরিরামপুরের হাজারীপল্লিতে। ঐতিহ্যবাহী এই হাজারী গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এবার প্রথমবারের মতো গুড় তৈরি করতে যাচ্ছেন গাছিরা।
যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে আসা এই গুড়ের রয়েছে অনন্য স্বাদ ও বৈশিষ্ট্য। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর সুনাম। এ কারণে হাজারী গুড়কে কেন্দ্র করে জেলার ব্র্যান্ডিং করা হয়েছে ‘লোকসংগীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর’ স্লোগানে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০০ বছর আগে মোহাম্মদ হাজারী নামের এক ব্যক্তি বিশেষ পদ্ধতিতে এই গুড় তৈরি শুরু করেন। পরবর্তী সময়ে তাঁর নাম অনুসারেই এর নাম হয় হাজারী গুড়। দীর্ঘদিনের এই ঐতিহ্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে চলতি বছরের ১৫ জুন। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ‘মানিকগঞ্জের হাজারী গুড়’কে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয়। এতে গাছি ও স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাজারীপল্লি হিসেবে পরিচিত উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা এলাকার শিকদারপাড়া ও আশপাশের গ্রামগুলোতে হাজারী গুড় তৈরির জন্য খেজুরগাছের পরিচর্যা করছেন গাছিরা। গাছগুলোকে রস সংগ্রহের উপযোগী করে তুলতে চলছে নানা প্রস্তুতি। পরিবারের অন্য সদস্যরাও মাটির চুলা তৈরি, ধানের খড়সহ জ্বালানি সংগ্রহ এবং গুড় তৈরির প্রয়োজনীয় উপকরণ জোগাড়ে ব্যস্ত সময় পার করছেন।
এ সময় কথা হয় ঝিটকা শিকদারপাড়া গ্রামের গাছি খন্দকার মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমরা এখন খেজুরগাছের ঝোড়া পরিষ্কার করার কাজ করছি। ধাপে ধাপে এসব কাজ করতে হয়। এরপর আরও কয়েক দফা গাছ চাছা হবে। ১৫ থেকে ২০ দিন পর লাল গুড় তৈরি করা সম্ভব হবে। আর তার প্রায় এক মাস পর থেকে তৈরি করা যাবে আমাদের কাঙ্ক্ষিত হাজারী গুড়।
তিনি আরও বলেন, হাজারী গুড় আগে থেকেই ব্র্যান্ডিং হয়েছে। তবে এ বছর জিআই সনদ পাওয়ায় আমরা আরও গর্বিত। এই স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে এবং হাজারী গুড়ের গুণগত মান বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
একই গ্রামের আরেক গাছি খন্দকার ওহাব উদ্দিন বলেন, আমার দাদা ও বাবা দুজনই এ কাজ করতেন। বাবার কাছ থেকেই এ কাজ শিখেছি। প্রায় ২০ বছর ধরে হাজারী গুড় তৈরি করছি। এখন খেজুরগাছ প্রস্তুতের কাজ চলছে। আরও ১৫ থেকে ২০ দিন পর গাছে হাঁড়ি বসানো হবে। সেই রস দিয়ে প্রথমে লাল গুড় তৈরি হবে। এরপর প্রায় এক মাস পর শুরু হবে ঐতিহ্যবাহী হাজারী গুড় তৈরি।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, হরিরামপুরে হাজারী গুড় প্রায় ৩০০ বছরের ঐতিহ্য। এ বছর এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে গাছিরা হাজারী গুড় উৎপাদনের প্রস্তুতি শুরু করেছেন। এই গুড়ের দীর্ঘদিনের সুনাম ও গুণগত মান ধরে রাখতে আমরা সর্বোচ্চ সচেতন রয়েছি।

























