বিরল সংস্করণের বই থেকে শুরু করে লাখ ডলারের ব্যক্তিগত সংগ্রহ—বইয়ের তাক সাজানো এখন বিশ্বের অতি ধনীদের কাছে বিলাসিতা ও আভিজাত্যের নতুন প্রতীক হয়ে উঠেছে। নিজেদের বাসভবন, অবকাশযাপনকেন্দ্র কিংবা বিলাসবহুল প্রমোদতরিতে ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলতে তারা রীতিমতো বিশেষজ্ঞ নিয়োগ করছেন। এসব বিশেষজ্ঞদের কাজ শুধু বই সংগ্রহ নয়, গৃহকর্তার রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পরিপূর্ণ পাঠাগার সাজিয়ে দেওয়া।
ব্রিটিশ বই ব্যবসায়ী ব্ল্যাকওয়েল পরিবারের সদস্য ফিলিপ ব্ল্যাকওয়েল পরিচালিত প্রতিষ্ঠান ‘আলটিমেট লাইব্রেরি’ বিশ্বের বিভিন্ন দেশের ধনী গ্রাহকদের জন্য বই সংগ্রহ ও পাঠাগার সাজানোর সেবা দিয়ে থাকে। সম্প্রতি মাত্র তিন সপ্তাহের মধ্যে এক গ্রাহকের জন্য এক হাজার বই সংগ্রহের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে একসঙ্গে ১০ হাজার বইয়ের সংগ্রাহক হিসেবেও কাজ করেছেন ব্ল্যাকওয়েল।
ব্ল্যাকওয়েল জানান, ধনী গ্রাহকেরা সাধারণত দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে চান। বিশেষ করে প্রধান বাসস্থানের বাইরের ঘরগুলোকে আপন করে তুলতে বইয়ের বিকল্প নেই বললেই চলে।
যুক্তরাষ্ট্রের ফক্সটেইল বুকস অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ক্রিস্টি স্মিরল জানান, গ্রাহকদের চাহিদা ভিন্ন ভিন্ন হতে দেখা যায়। কেউ প্রথম সংস্করণের দুর্লভ বই চান, আবার কেউ নির্দিষ্ট বিষয়ে সবচেয়ে প্রভাবশালী বই সংগ্রহে আগ্রহী। কোনো কোনো ক্ষেত্রে একটি বইয়ের দামই ১০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
বিশেষজ্ঞরা জানান, বই নির্বাচনের ক্ষেত্রে তারা গ্রাহকের আগ্রহ, বইয়ের সমালোচনা ও দুর্লভ বইয়ের বাজারের ওপর নির্ভর করেন। আধুনিক ধনী সমাজে বই এখন আর কেবল পড়ার উপকরণ নয়, বরং ঘরের সৌন্দর্য ও আভিজাত্য বর্ধনের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে।


























