প্রেম করতে চান, কিন্তু মনের কথা বলতে সংকোচ? পছন্দের মানুষকে ভালো লাগলেও অপেক্ষা করেন তাঁর মেসেজের? কিংবা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ভয় পান? পুরোনো দিনের এসব হিসাব-নিকাশে আর আগ্রহ নেই জেন-জিদের।
প্রেমের দুনিয়ায় এবার জনপ্রিয় হচ্ছে নতুন ট্রেন্ড ‘লাউড লুকিং’। যেখানে ভালোবাসার খোঁজে রাখঢাক নয়, বরং নিজের চাহিদা স্পষ্ট করে জানানোই মূল কথা।
‘লাউড লুকিং’ বলতে বোঝায়, আপনি যে একটি সিরিয়াস সম্পর্কে জড়াতে চান, তা প্রকাশ্যে স্বীকার করা। অর্থাৎ, কাউকে পছন্দ হলে বা জীবনসঙ্গী খুঁজলে সেটা লুকিয়ে রাখার প্রয়োজন নেই। সরাসরি জানিয়ে দেওয়া, সঠিক মানুষ পেলে দীর্ঘমেয়াদি সম্পর্কে যেতে আগ্রহী আপনি।
তবে এর অর্থ প্রথম দেখাতেই বিয়ে কিংবা ভবিষ্যতের সব পরিকল্পনা করে ফেলা নয়। বরং শুরু থেকেই নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখা।
কেন এই ট্রেন্ডে ঝুঁকছে জেন-জি?
এর অন্যতম কারণ পুরোনো ডেটিংয়ের জটিলতা। আগে কাউকে পছন্দ করলেও বেশি আগ্রহ দেখানো যেত না। মেসেজের উত্তর দিতে দেরি করা, ইচ্ছা করে ব্যস্ত থাকার ভান কিংবা মনের কথা গোপন রাখার মতো বিষয়কে অনেকেই আকর্ষণ তৈরির কৌশল মনে করতেন। কিন্তু নতুন প্রজন্মের কাছে এসব এখন সময়ের অপচয়।
এ ছাড়া মানসিক শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা ও স্বচ্ছ যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে জেন-জি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রকাশ্যে জানাচ্ছেন, তাঁরা কেমন সঙ্গী চান এবং সম্পর্কের ক্ষেত্রে তাঁদের প্রত্যাশা কী।
বিশেষজ্ঞদের মতে, শুরুতেই দুজনের উদ্দেশ্য পরিষ্কার থাকলে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় প্রত্যাশা অনেকটাই কমতে পারে। একজন যদি সিরিয়াস সম্পর্ক চান আর অন্যজন যদি শুধু সময় কাটাতে চান, তাহলে সেটাও দ্রুত বোঝা সম্ভব।
তবে শুধু মনের কথা স্পষ্ট করে বললেই সম্পর্ক সফল হয় না। প্রয়োজন পারস্পরিক বিশ্বাস, সম্মান, বোঝাপড়া ও দায়িত্ববোধ।
সব মিলিয়ে জেন-জিদের নতুন বার্তা একটাই—প্রেমের ক্ষেত্রে রহস্য নয়, বরং সততাই হোক আকর্ষণের আসল চাবিকাঠি!


























