‘কফি উইথ করণ’-এর নবম সিজনে নিজের জীবনের কঠিন এক অধ্যায়ের কথা তুলে ধরেছেন বলিউড অভিনেতা রবি কিষান। অনুষ্ঠানের নতুন পর্বে অক্ষয় কুমারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ক্যারিয়ারের নানা উত্থান-পতন এবং ব্যক্তিগত জীবনের সংগ্রামের কথা জানান তারা। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই পরিবার ছেড়ে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন রবি। কিন্তু অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারেননি তার বাবা।
অভিনয়ে আসার আগের দিনগুলোর স্মৃতিচারণ করে রবি বলেন, তার বাবা চাইতেন ছেলে পরিবারের দুধের ব্যবসার দায়িত্ব নিক। কিন্তু ছোটবেলা থেকেই থিয়েটার ও অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। এ নিয়ে বাবা প্রায়ই কটাক্ষ করে বলতেন, ‘নাচিয়ে হবি নাকি?’ একবার রামলীলায় অভিনয়ের জন্য শাড়ি পরেছিলেন রবি। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন তার বাবা। ওই ঘটনার জেরে চামড়ার বেল্ট দিয়ে মারধর করেন ছেলেকে। রবি জানান, নব্বইয়ের দশকে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া সমাজের বড় একটি অংশের কাছে গ্রহণযোগ্য ছিল না। তার পরিবারও বিষয়টি মেনে নিতে পারেনি।
অভিনেতা আরও জানান, সেই পরিস্থিতিতে মা তাকে বাড়ি ছেড়ে চলে যেতে সাহায্য করেছিলেন। মায়ের কথায়, ‘তোর পালিয়ে যাওয়া উচিত। কারণ, তোকে মেরে ফেলতে চাইছে।’ পরিবারের কাছে অভিনয়ের প্রতি তার আগ্রহ যেন অসম্মানের বিষয় হয়ে উঠেছিল বলেও জানান রবি।
অনুষ্ঠানে রবি কিষানকে ‘বিহারের ব্র্যাড পিট’ বলে সম্বোধন করেন সঞ্চালক কর্ণ জোহর। এ সময় অক্ষয় কুমারের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্পও উঠে আসে। নব্বইয়ের দশকের শেষ দিকে রবির বাবার গোয়ালঘরে প্রথম দেখা হয়েছিল দুজনের। পরে মুম্বাইয়ের হীরা পান্না শপিং আর্কেডের একটি ডাবিং স্টুডিওতে আবার দেখা হয় তাদের। তখন রাজ সিপ্পি পরিচালিত ‘সৌগন্ধ’ ছবির ডাবিং চলছিল।
দুজন একসঙ্গে অভিনয় করেন ‘জখমি দিল’ (১৯৯৪) ছবিতে। অনুষ্ঠানে অক্ষয়ও বলিউডে নিজের ৩৬ বছরের ক্যারিয়ার নিয়ে কথা বলেন। তার মতে, কোনো ছবির সাফল্যের পেছনে পরিশ্রমের পাশাপাশি ভাগ্য ও কর্মফলেরও ভূমিকা থাকে। অনেক সময় পছন্দের ছবিও দর্শকের মন জয় করতে পারে না, আবার তুলনামূলক কম প্রত্যাশার ছবি বক্স অফিসে সাফল্য পায়।

























