একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের (আরভিঅ্যান্ডএফ) সদস্যদের সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার সাভারে অবস্থিত আরভিঅ্যান্ডএফ ডিপোতে সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সদস্যদের প্রতি তিনি এই আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান আরভিঅ্যান্ডএফ ডিপোতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পরে তিনি বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আরভিঅ্যান্ডএফ কোরের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বক্তব্যের শুরুতেই তিনি মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় কোরের অবদানের কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের তৃতীয় ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক।
রিপোর্টারের নাম 
























