কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প অবলম্বনে নতুন একটি অ্যান্থলজি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সন্দীপ রায়। ‘নন্দী মুভিজ’-এর প্রযোজনায় নির্মিতব্য এই চলচ্চিত্রে ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’—এই চারটি গল্পকে বড়পর্দায় তুলে আনা হবে। প্রদীপকুমার নন্দীর প্রযোজনায় ছবিটির শুটিং শুক্রবার থেকেই শুরু হয়েছে।
নতুন এই চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক সন্দীপ রায় বলেন, দীর্ঘদিন পর ছোটগল্প নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। এর আগে ‘যেখানে ভূতের ভয়’ ও ‘চার’-এর মতো চলচ্চিত্রে ছোটগল্প নিয়ে কাজ করেছি। সত্যজিতের সৃষ্ট চরিত্র ও গল্পের রহস্যময় জগৎকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।
চলচ্চিত্রটিতে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং বরুণ চক্রবর্তীর মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী। সত্যজিতের সাহিত্যসম্ভার নিয়ে বাঙালির চিরকালীন আবেগকে এই চলচ্চিত্রের মাধ্যমে আবারও নতুন করে জাগিয়ে তোলার প্রয়াস নিয়েছেন পরিচালক।
























