নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুরে জল, বন ও বন্যপ্রাণী রক্ষার দাবিতে প্রচারাভিযান চালিয়েছেন তার ভক্তরা। ‘হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে ভক্তরা কেক কেটে লেখকের জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক ও কবি সেলিম আল রাজ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী-নালা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ অপরিহার্য। অপরিকল্পিত নগরায়ন ও দখল-দূষণের কারণে প্রকৃতি আজ হুমকির মুখে। লেখকের জন্মদিনে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু জানান, লেখকের স্মৃতি রক্ষায় গৌরীপুর রেলস্টেশনে তার নামে কোনো স্থাপনা বা আন্তঃনগর ট্রেনের নামকরণের দাবি জানানো হয়েছে, যা এখনো বাস্তবায়িত হয়নি। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তরা উপস্থিত ছিলেন।


























