বিনোদন অঙ্গনে শোকের ছায়া। প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের কর্মকর্তা বি এন তিওয়ারি জয়ন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর বয়স সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
প্রযোজক ও সংগীতশিল্পী হিসেবে পরিচিত জয়ন্ত মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তি সুরকার হেমন্ত কুমারের পুত্র। চলচ্চিত্র মহলে তিনি ‘বাবু’ নামেই সমধিক পরিচিত ছিলেন। ১৯৭৫ সালের ‘মাজাক’ ও ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’-এর মতো চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। এছাড়া ১৯৯২ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘তালাশ’-এর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
মৌসুমী ও জয়ন্তের দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি দীর্ঘ। মাত্র ১৫ বছর বয়সে তাঁদের বিয়ে হয়েছিল বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ২০১৯ সালে তাঁরা তাঁদের বড় মেয়ে পায়েলকে হারিয়েছিলেন। এবার স্বামীকে হারিয়ে শোকাভিভূত মৌসুমী চট্টোপাধ্যায়।























