আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খালের উন্নয়ন ও প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরিদর্শন শেষে তিনি জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের এই রূপরেখা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৮টি জেলার ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম।
ত্রাণমন্ত্রী বলেন, এই মডেল খালটি শুধু পানি নিষ্কাশনে নয়, এর দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করা হবে। সমবায় সমিতির মাধ্যমে স্থানীয় হতদরিদ্র মানুষদের এই কাজের সাথে যুক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে মিশবে। সফরকালে প্রধানমন্ত্রী খাল উদ্বোধনের পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয় এবং সরকারের দুর্যোগসহনশীল ঘর হস্তান্তর কার্যক্রম পরিদর্শন করবেন।




















