দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেসারদের জন্য গতির পরীক্ষা অনিবার্য। বাংলাদেশের বোলিং আক্রমণে ধার বাড়াতে নাহিদ রানার উপস্থিতি প্রয়োজন থাকলেও, চোটের কারণে তিনি বর্তমানে মাঠের বাইরে। তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময়সীমা এখনো অনিশ্চিত।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজসহ পরবর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে যান তিনি। এরপর নিতম্বের ব্যথায় ভুগলে উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়া পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তার শিনবোনের পুরোনো চোটের পাশাপাশি ল্যাব্রাম টিয়ার ধরা পড়ে।
বর্তমানে অস্ট্রেলিয়ার কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। গত সপ্তাহে তিনি বোলিং অনুশীলন শুরু করেছেন, যা তার সুস্থতার পথে ইতিবাচক অগ্রগতি।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, নাহিদ দ্রুত ফিরতে চাইলেও তার স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনো দরজা খোলা রয়েছে। তবে তার মাঠে ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক ফিটনেসের ওপর।

























