আগামী ১৫ নভেম্বর ভারতের ইন্দোরে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টকে ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। ইমেইলের মাধ্যমে অনুষ্ঠানস্থলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই বার্তায় গোয়ালিয়র হাইকোর্টেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে আদালত প্রাঙ্গণসহ কনসার্টস্থলের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। হুমকির উৎস শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এর আগে ২০২৪ সালেও দিলজিতের কনসার্ট ঘিরে বিভিন্ন শহরে বাধার সৃষ্টি হয়েছিল, তবে এবার সরাসরি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে অনুষ্ঠানটি।
এর আগে ইন্দোরের কয়েকটি স্কুল ও মেয়রের কার্যালয়ে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ এক ভিডিওবার্তায় জানিয়েছেন, তিনি ইন্দোরে কনসার্ট করার সিদ্ধান্তে অটল রয়েছেন। পুলিশ এই হুমকিদাতাদের খুঁজে বের করতে বিশেষ তদন্ত দল গঠন করেছে।
























