কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এই ঘটনার পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে।
নুসরাত তাবাসসুম জানান, বুধবার দিবাগত রাতে পরপর চারটি বিস্ফোরণের মাধ্যমে বাড়িটিতে আগুন দেওয়া হয়। তিনি বলেন, ঘটনার ধরন দেখে এটি পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে। এর আগে গত ২৮ অক্টোবর থেকে তাকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল, যার প্রেক্ষিতে তিনি কলাবাগান থানায় জিডিও করেছিলেন।
সংসদ সদস্য আরও অভিযোগ করেন, হামলার কয়েক ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। তিনি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঘটনার দীর্ঘ সময় পরও আলামত সংগ্রহ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।




















