বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র স্রষ্টা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজনে লাঠিখেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম। আয়োজকরা জানান, এবারই প্রথম কবির জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা নতুন প্রজন্মের কাছে কবির সাহিত্যকর্ম তুলে ধরবে।
উৎসবের অংশ হিসেবে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিজয় নাট্যগোষ্ঠীর শিল্পীরা কবির রচিত নাটক ‘জমিদার দর্পণ’ মঞ্চস্থ করবেন। আগামী ১৫ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।


























