কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারের সময় সাড়ে ৩৭ টন (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্টসহ ১২ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, রবিবার গভীর রাতে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম এলাকায় মিয়ানমারে পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় যৌথ অভিযান চালায় কোস্ট গার্ডের একটি জাহাজ ও সেন্টমার্টিন স্টেশন। টহল চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করা হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি অবৈধ সিমেন্ট উদ্ধার করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোটে থাকা ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


























