জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে পৌর আওয়ামী শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত সৌরভ হাসান কামরুল (২৭) মাদারগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। এর আগে রোববার দিবাগত রাতে পৌর শহরের বালিজুড়ী বাজারে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, কামরুলের বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশে দুপুরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


























