যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে ‘লিয়ারজেট-৬০’ মডেলের উড়োজাহাজটি আছড়ে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এয়ার ট্রাফিক সংক্রান্ত ওয়েবসাইট ‘লাইভএটিসি ডটনেট’-এ সংরক্ষিত তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে পাইলট বিমানে বরফ জমার সমস্যাকে ‘নিয়ন্ত্রণযোগ্য’ বলে জানিয়েছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং ককপিট থেকে ক্রুদের আতঙ্কিত হয়ে বলতে শোনা যায়, ‘আমরা মাটিতে পড়ে যাচ্ছি।’
টেক্সাসের অস্টিন থেকে বাহামাগামী ব্যক্তিমালিকানাধীন এই উড়োজাহাজটি তীব্র গতিতে সোজাসুজি মাটিতে আঘাত হানে এবং সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানান, আবাসিক এলাকায় বিমানটি ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়লেও এবং রাস্তায় বড় গর্তের সৃষ্টি হলেও সৌভাগ্যবশত মাটিতে থাকা কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন থেকে মাত্র ৯ মাইল দূরে অবস্থিত।


























