ঢাকাই চলচ্চিত্রের পরিচিত অভিনেতা জয় চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এবার বড় পর্দায় তাঁর বিপরীতে দেখা যাবে ভারতের দুই জনপ্রিয় অভিনেত্রীকে। তাঁদের একজন বলিউডের পূজা ব্যানার্জি এবং অন্যজন কলকাতার ছোট ও বড় পর্দার পরিচিত মুখ মধুরিমা বসাক। ‘হান্নান’ নামের একটি নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন তাঁরা।
ভারতের বিনোদন জগতের পরিচিত মুখ পূজা ব্যানার্জি বাংলা ও তেলুগু সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। ‘চ্যালেঞ্জ ২’ ও ‘লাভেরিয়া’র মতো জনপ্রিয় সিনেমার পাশাপাশি ‘রাজধানী এক্সপ্রেস’ ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’র মতো হিন্দি চলচ্চিত্রেও তাঁর উপস্থিতি ছিল। এছাড়া বেশ কিছু আলোচিত টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মধুরিমা বসাক পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স=প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটার পর সিনেমা ও ওটিটি মাধ্যমে নিয়মিত কাজ করছেন। ‘হান্নান’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
রাজধানীর অপরাধজগতের এক সময়ের আলোচিত চরিত্র ‘পিচ্চি হান্নান’-এর জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। এতে নাম ভূমিকায় দেখা যাবে জয় চৌধুরীকে। সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই পূর্ণাঙ্গ বাণিজ্যিক ধারার ছবিতে অ্যাকশন ও রোমান্সের সংমিশ্রণ থাকবে বলে জানিয়েছেন প্রযোজক অরিত্র দাস।
প্রকল্পটি নিয়ে এখনই বিস্তারিত মুখ খুলতে চাননি জয় চৌধুরী। তিনি জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণার পর সব স্পষ্ট করা হবে।


























