ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ‘চলো দিল্লি’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদের মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিল্লির মিন্টো রোড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক রামলীলা ময়দানে গিয়ে বিশাল সমাবেশে রূপ নেয়। সেখানে আরজেডি নেতা তেজস্বী যাদবসহ বিরোধী শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে বিরোধী কর্মসূচির তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে অরাজকতা সৃষ্টির চক্রান্ত বলে দাবি করেন। পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে একই দিনে রাজপথে পাল্টা কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন বিজেপি।


























