জাতীয় দিবস, ধর্মীয় উৎসব কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য—বিশ্বজুড়ে বিভিন্ন উপলক্ষকে ঘিরে সরকারি ছুটি নির্ধারিত হয়। তবে সব দেশে ছুটির পরিধি এক নয়। সম্প্রতি ‘স্টারসইনসাইডার’-এর প্রকাশিত এক বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, সরকারি ছুটির সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান করছে এশিয়ার দেশগুলো। বছরে ২২ দিনের সরকারি ছুটি নিয়ে এ তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।
পরিসংখ্যান অনুযায়ী, বছরে সর্বোচ্চ ৩৫ দিন সরকারি ছুটি নিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে নেপাল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইরানে সরকারি ছুটি বছরে ২৬ দিন। মিয়ানমার ও শ্রীলঙ্কা যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে; দেশ দুটিতে বছরে সরকারি ছুটি থাকে ২৫ দিন করে।
পঞ্চম স্থানে থাকা বাংলাদেশে জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব মিলিয়ে বছরে মোট সরকারি ছুটি ২২ দিন। তবে জরুরি পরিষেবা ও গণমাধ্যমসহ বিভিন্ন সেবামূলক পেশায় এ ছুটি প্রযোজ্য হয় না।
তালিকায় বছরে ২১ দিনের ছুটি নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে কম্বোডিয়া ও ভারত। এ ছাড়া ২০ দিন করে ছুটি নিয়ে পরবর্তী স্থানগুলোতে রয়েছে লিশটেনস্টাইন, চিলি ও ম্যাকাও।
বিশ্লেষকদের মতে, সংশ্লিষ্ট দেশের ইতিহাস, ধর্মীয় বৈচিত্র্য এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সরকারি ছুটির তালিকা নির্ধারিত হয়। ফলে দেশভেদে এবং বছরভেদে ছুটির সংখ্যায় পরিবর্তন দেখা যায়।


























