ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা (ই-রিকশা) নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২ নভেম্বর) থেকে সিটি করপোরেশনগুলো এই নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে।
রাজধানী ঢাকাকে মোট আটটি জোনে ভাগ করে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জোনভেদে রিকশার ৮টি আলাদা রং থাকবে, যাতে এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে না পারে। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
নতুন বিধিমালা প্রকাশের পর ই-রিকশাচালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সকল বৈধ রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে এবং অবৈধ ই-রিকশা অপসারণ করা হবে। আপাতত নিয়ম মেনে রিকশা চলাচল অব্যাহত থাকবে।
তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি করে মোট আটটি জোন থাকবে। কোন জোনে কতগুলো রিকশা চলবে, তা ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে নির্ধারণ করবে। একইসঙ্গে যেসব প্রধান সড়কে বাস চলাচল করে, সেসব রাস্তায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং নম্বর প্লেটের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। রিকশার কিউআর কোডে মালিক ও ড্রাইভিং সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। তবে নিবন্ধনের পূর্বে বিদ্যমান রিকশাগুলোকে বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধন করে নিতে হবে।

























