ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ বড় পর্দার কাজে হাত দিয়েছেন। একই সঙ্গে দুটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি, যার একটি ‘খলনায়ক’। তারকা বহুল সেই সিনেমার ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক হ্যালোইন উৎসব উপলক্ষে সম্পূর্ণ নতুন এক ভৌতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হলেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সাড়ে আট মিনিটের ভৌতিক কনটেন্ট ‘স্কন্ধকাটা’ উন্মুক্ত করেন ভিকি। গ্রামবাংলার বহু পুরোনো রূপকথা ও লোকগাথা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। রাতে নির্জন জঙ্গলে মাথা ছাড়া ভূতের ঘোরাঘুরি ও মানুষকে ভয় দেখানোর প্রচলিত কাহিনীকেই থ্রিলারধর্মী কায়দায় পর্দায় ফুটিয়ে তুলেছেন ‘মিস্টার টুইস্ট’।
অবশ্য স্বল্পদৈর্ঘ্যের গল্প শেষে দেখা যায়, এটি মূলত একটি টয়লেট ক্লিনার ব্র্যান্ডের প্রচারণামূলক কনটেন্ট। বিজ্ঞাপনকে এত চমৎকার গল্পে মুড়ে উপস্থাপনের এই ব্যতিক্রমী ধারণার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা নির্মাতার প্রশংসায় পঞ্চমুখ।
‘স্কন্ধকাটা’য় অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা আজিজুল হাকিম ও তরুণ অভিনয়শিল্পী তামিম করিম। অন্যদিকে ভিকির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খলনায়ক’-এর প্রধান চরিত্রে দেখা যাবে আফরান নিশো, তমা মির্জা ও চঞ্চল চৌধুরীকে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত ও বিজরী বরকতুল্লাহর মতো গুণী তারকারা।























