ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সমর্থনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার ১১নং বড়হিত ইউনিয়ন বিএনপির উদ্যোগে চন্ডিপুরে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন মাজেদ বাবু।
মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনও দল নেই, মত নেই, নেই বিভাজন… এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, আমি আপনাদের কথা দিতে পারি এই ঈশ্বরগঞ্জ থেকে আমার কিছুই নেওয়ার নেই। এই ঈশ্বরগঞ্জ থেকে আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আর তার বিনিময়ে এই অঞ্চলকে একটি মডেল অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
তিনি বলেন, ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























