হবিগঞ্জ–বানিয়াচং সড়কের রত্না নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ রত্না ব্রিজের স্টিলের ডেকিং ভেঙে দেবে যাওয়ায় আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত ওজন নিয়ে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠতেই ৫টি স্টিলের ডেকিং ভেঙে নিচে দেবে যায়। মুহূর্তেই বন্ধ হয়ে যায় হবিগঞ্জ–বানিয়াচং–আজমিরীগঞ্জ রুটে সব ধরনের যান চলাচল। হঠাৎ এ বিপর্যয়ে ব্রিজের দুই পাশে আটকা পড়ে যানবাহন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কর্মজীবী মানুষের যাতায়াতে দেখা দেয় চরম ভোগান্তি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যাত্রীসহ স্থানীয় মানুষ বিকল্প হিসেবে নৌকায় করে রত্না নদী পার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, রত্না ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কোনও ধরনের সংস্কার বা মেরামত কাজের উদ্যোগ নেয়নি। তাদের দাবি—দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হোক।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় রেকারসহ সংস্কারের সব ধরনের মালামাল সংস্কার কাজ শুরু হয়েছে। দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।
রিপোর্টারের নাম 























