গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন মার্কেটের লেদুমোল্লা রোড এবং গাজীপুরা বাঁশপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ধারালো চাপাতি, দুটি চাকু এবং ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকায় ছিনতাইয়ের গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে ‘বুক কাটা বাবু’কে (৩৭) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চাপাতি ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শামীম হোসেন বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫)কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















