দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পেশাজীবীদের মর্যাদা রক্ষার লক্ষ্যে স্বাস্থ্য খাতে দ্রুত এক লাখ জনবল নিয়োগসহ ৬ দফা দাবি জানিয়েছে নবগঠিত ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. জামাল উদ্দিন বাদশা বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে শুধু চিকিৎসক নয়, বরং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকল পেশাজীবীর যথাযথ মূল্যায়ন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি অভিযোগ করেন, অতীতে স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতিনিধিত্ব না থাকায় অনেক সিদ্ধান্তই বাস্তবসম্মত হয়নি। বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে এ খাতের বৈষম্য দূর করতে সরকার ও প্রশাসনকে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
সংগঠনের সদস্য সচিব এস এম মনিরুল ইসলাম সাদাফ বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও কার্যকর করতে হবে। একই সঙ্গে উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং জেলা পর্যায়ে আইসিইউ, এনআইসিইউ ও ডায়ালাইসিস ইউনিটের মতো জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি।
পেশাজীবী ঐক্যের উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদান, নার্সিং অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক পেশাজীবী কাউন্সিল গঠন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী জনবল নিয়োগ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে বক্তারা ক্যানসার ও হৃদরোগসহ জটিল রোগের চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং চিকিৎসাব্যয় কমানোর ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 























