ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপ্রধান সৈয়দ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, এসএনএসসির বর্তমান সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের পদত্যাগ এবং নতুন দায়িত্ব গ্রহণের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডিক্রির মাধ্যমে মোহসেন রেজায়িকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ আগেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি রেজায়িকে এসএনএসসিতে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধে মোহসেন রেজায়ির গুরুত্বপূর্ণ ভূমিকা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
মোহসেন রেজায়ি এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই পরিষদ দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা মীমাংসায় ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্বও পালন করে।
১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় মোহসেন রেজায়ি গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন।
এই নেতৃত্বের পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি।
রিপোর্টারের নাম 



















