২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৬৫.৪২ শতাংশ। এই বছর বোর্ডের অধীনে ২৪টি বিদ্যালয় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে, তবে কোনো বিদ্যালয়ে পাসের হার শূন্য যায়নি।
সোমবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম। এবারের পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৯৫ হাজার ৩৯৯ জন কৃতকার্য হয়েছে।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৫৮ হাজার ৮২৫ জন এবং ছাত্রী ৮৭ হাজার ১০ জন। ছাত্রদের মধ্যে পাসের হার ৬৩.২৪ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাসের হার ৬৬.৮৮ শতাংশ। দেখা যাচ্ছে, পাসের হারে ছাত্রীদের আধিক্য রয়েছে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ৩ হাজার ৯৬৬ জন ছাত্র এবং ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে, যেখানে পাসের হার ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭.৪০ শতাংশ এবং মানবিক বিভাগে ৫০.৬১ শতাংশ।
রিপোর্টারের নাম 



















