প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রয়াত দুই আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর (রহ.) কবর জিয়ারত করেছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে তিনি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে তাঁদের কবর পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তাঁর সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, হাটহাজারী থেকে নির্বাচিত এমপি ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা-বিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং মাদরাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরেশীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মাদরাসার মহাপরিচালকের আমন্ত্রণে মাদরাসার দ্বিতীয় তলায় যান এবং সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে কুশলবিনিময় করেন। মাদরাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন ও হাত মেলান।
রিপোর্টারের নাম 



















