প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন।
রোববার (৯ আগস্ট) বিকেলে তিনি হাটহাজারীর মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরেশী।
কবর জিয়ারত শেষে মাদ্রাসার অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে যান, যেখানে তিনি আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায় এবং তিনি তাদের সঙ্গে হাত মেলান।
রিপোর্টারের নাম 



















