সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীরকে সভাপতি এবং কাজী মেহেদী হাসান নোমানকে মহাসচিব করে মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের ২৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে সারাদেশ থেকে আগত নিকাহ রেজিস্ট্রারদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনার কাজী হাবিবুল্লাহ সাচ্চু।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাজী সমিতির সভাপতি ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী ডক্টর এ.এস.এম কাদের কিবরীয়া, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মোজাম্মেল হোসাইন এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু সাইদ। সম্মেলনে বক্তারা দেশের চলমান প্রেক্ষাপটে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে নিকাহ রেজিস্ট্রাররা চরম হয়রানির শিকার হয়েছেন। তৎকালীন সংসদ সদস্যদের ডিও লেটারের প্রভাবে এবং আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে একই অধিক্ষেত্রে একাধিক রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছিল। এর ফলে সাধারণ নিকাহ রেজিস্ট্রাররা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানেও অনেক এলাকা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে, যা সাধারণ কাজীদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।
সম্মেলনে বক্তারা বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, জনবান্ধব ও আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল এই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা নিকাহ রেজিস্ট্রারদের অধিকার ক্ষুণ্ণ করে। তারা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল সরকারের সঙ্গে আলেম সমাজের দূরত্ব তৈরির চেষ্টা করছে। সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের আইনি অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে কাজী সমাজের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















