যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতেও এই দুটি গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের পরিমাণে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
সামুদ্রিক নৌ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সোমবার বাব আল-মান্দেব প্রণালি দিয়ে মোট ২০টি জাহাজ চলাচল করেছে, যার মধ্যে ১২টি তেলবাহী ট্যাংকার এবং আটটি পণ্যবাহী জাহাজ রয়েছে। আগের দিন রোববারও একইসংখ্যক জাহাজ এই পথ ব্যবহার করেছিল।
লোহিতসাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালিতে সাধারণত জাহাজ চলাচল তুলনামূলক বেশি থাকে। তবে ২০২৪ সালের ২০ জুলাই ইরানঘনিষ্ঠ হুথিরা লোহিতসাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার আগে এই পথে প্রতিদিন গড়ে প্রায় ৪১টি জাহাজ চলাচল করত। ঐ ঘোষণার পর হুথিরা সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজ ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়, যা চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা যোগ করে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ধীর গতিতে চলছে। রয়টার্স জানিয়েছে, সোমবার এই প্রণালি দিয়ে ছয়টি জাহাজ পার হয়েছে, যার মধ্যে তিনটি তেলবাহী ট্যাংকার এবং তিনটি পণ্যবাহী জাহাজ। আগের দিন রোববার এই সংখ্যা ছিল সাতটি। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তার কারণে গুরুত্বপূর্ণ এসব নৌপথে জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























