গাইবান্ধা প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও জলাতঙ্কের ভ্যাকসিন রোগীকে সরবরাহ না করা এবং জেলা হাসপাতালে চিকিৎসাসেবার নানা অব্যবস্থাপনা দেখে মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে মন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। পরিদর্শনের সময় তিনি জানতে পারেন, কুকুরের কামড়ে আহত এক নারী চিকিৎসা নিতে হাসপাতালে এসে সরকারি জলাতঙ্কের ভ্যাকসিন পাননি। বাধ্য হয়ে তাকে বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয়েছে। রোগীর কাছে বিস্তারিত শোনার পর মন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেদায়েতুল ইসলামের কাছে এর ব্যাখ্যা চান। সন্তোষজনক উত্তর না পাওয়ায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং ওই রোগীর ভ্যাকসিন কেনার জন্য ব্যয় করা ১ হাজার ৩০ টাকা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধের নির্দেশ দেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। এরপর দুপুরে তিনি আকস্মিকভাবে গাইবান্ধা জেনারেল হাসপাতালও পরিদর্শন করেন। সেখানেও তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্রীয় ওষুধ ভাণ্ডার ঘুরে দেখেন। হাসপাতালের জরাজীর্ণ পরিবেশ, চিকিৎসাসেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অনিয়ম ও গাফিলতির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 





















