বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে। সম্প্রতি ফিফা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FFE)’ নামে একটি বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছিল, যা বাতিল করার পর এখন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ফিফার নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটি উয়েফার অবস্থানকেও প্রকাশ্যে সমর্থন জানিয়েছে।
FFE পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি দেওয়া সদস্য দেশগুলো অতিরিক্ত অর্থ পেত। তবে এই পরিকল্পনা ঘোষণার পর থেকেই উয়েফাসহ বিশ্বের বিভিন্ন ফুটবল ফেডারেশন তীব্র বিরোধিতার মুখে পড়ে। ক্রমবর্ধমান চাপের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো পরিকল্পনাটি প্রত্যাহারের ঘোষণা দিলেও, তাতে ক্ষোভ কমেনি। উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান ফিফা নেতৃত্ব কেবল তাদের নয়, বিশ্ব ফুটবল পরিবারের অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।
উয়েফার অভিযোগ, ২০১৬ সালে সভাপতি নির্বাচনের সময় ইনফান্তিনো ফিফাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত ছিল এবং পুরো প্রক্রিয়াটি গোপনীয়ভাবে পরিচালনা করে সদস্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
এ অবস্থায় উয়েফার পাশে দাঁড়িয়ে ইংলিশ এফএ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা উয়েফার অবস্থানকে সম্পূর্ণ সমর্থন করি। এখন সময় এসেছে ফিফার নেতৃত্ব ও সুশাসনের পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনা করার। বিশ্ব ফুটবল যেন স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় এবং ২১১টি সদস্য দেশের স্বার্থ রক্ষা করে দীর্ঘমেয়াদে খেলাটির উন্নয়ন নিশ্চিত করতে পারে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এর আগে ইউরোপের ৫৫টি ফুটবল ফেডারেশন, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকেও এই পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছিল। আগামী বছর ফিফা সভাপতির নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে।
রিপোর্টারের নাম 























