ডিজিটাল লেনদেনে ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে তাদের লেনদেন চার্জে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই তহবিল অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হয়। তবে কোন ধরনের মার্চেন্ট কী পরিমাণ ভর্তুকি পাবেন, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নির্ধারণের জন্য বাংলাদেশ ব্যাংক শীঘ্রই একটি বিস্তারিত নীতিমালা জারি করবে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন নীতিমালা প্রণয়নের পূর্বে বাংলা কিউআর (QR)-এর সাম্প্রতিক লেনদেনগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে ফুটপাথের দোকানি, ভ্যানচালক এবং অন্যান্য প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এই সুবিধার সম্ভাব্য অপব্যবহার রোধে কঠোর শর্ত আরোপ করা হবে। মার্চেন্ট পয়েন্টে কেবল পণ্য বা সেবার মূল্য পরিশোধের জন্যই এই সুবিধা ব্যবহার করা যাবে, অন্য কোনো প্রকার ক্যাশ আউট (Cash out) করা যাবে না। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর সুবিধা বাতিল করা হবে।
পরিচালনা পর্ষদের বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংক-সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের নিজেদের এবং পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ব্যাংক থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রথম ধাপে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























