বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান হারিয়ে দশম অবস্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দুই দশক আগে যেখানে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল বিশ্বের অন্যতম সেরা, বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। ২০০৬ সালে মার্কিন নাগরিকেরা ১৩০টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পেলেও, ২০২৬ সালে সেই সংখ্যা ১৮০টিতে উন্নীত হলেও, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অনেকটাই পিছিয়েছে।
২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এই দেশটির নাগরিকেরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা ভোগ করেন। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।
গত দুই দশকে সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০০৬ সালের তুলনায় দেশটি ১৫৩টি নতুন গন্তব্যে ভ্রমণ সুবিধা যোগ করতে সক্ষম হয়েছে। সুইডেন রয়েছে তৃতীয় স্থানে, আর চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন।
অন্যদিকে, তালিকার নিচের দিকে রয়েছে আফগানিস্তান। ২০০৬ সালে আফগান নাগরিকেরা মাত্র ১২টি দেশে ভিসামুক্ত সুবিধা পেলেও বর্তমানে তা বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি শক্তিশালী পাসপোর্ট সাধারণত আন্তর্জাতিক আস্থা, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়। শান্তিপূর্ণ দেশগুলোর অনেকগুলোই এই শক্তিশালী পাসপোর্টের তালিকায় উপরের দিকে স্থান করে নিয়েছে।
রিপোর্টারের নাম 

























