নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া এবং রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল–২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের একটি নতুন কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এই উদ্যোগের ফলে ট্রেড লাইসেন্স ফিসহ বিভিন্ন সিটি কর্পোরেশন ফি জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, বর্তমান সরকার প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে সেবার মান বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অতীতের সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে কালেকশন কার্যক্রম পরিচালনার দায়িত্ব একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত করে রেখেছিল। তবে বর্তমান সরকার উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে এবং যারা ভালো ও দ্রুত সেবা দেবে, তারাই এগিয়ে যাবে। এই নীতি বিবেচনা করেই ঢাকা ব্যাংককে এই সুযোগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা ব্যাংক প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করবে এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেবে।
নাগরিক সেবা সহজীকরণে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ কল্যাণে বিশ্বাসী। সিটি কর্পোরেশন জনগণের করের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, তাই একে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে। তিনি স্বীকার করেন যে, প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
আঞ্চলিক কার্যালয়গুলোর দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এখন থেকে আঞ্চলিক কার্যালয়গুলোকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজধানী ঢাকায় নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 





















