নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে চাঁদা দাবি ও কান কামড়ে জখম করার মামলার প্রধান আসামি, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রকাশ্যে জনসভা করেছেন। হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত সেই সভায় তিনি মাদকমুক্ত পৌরসভা গড়ার ঘোষণা দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘোড়াশাল পৌরসভার চরপাড়া রওশন জেনারেল হাসপাতাল ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, মামলা তুলে না নিলে বাদী মিয়া মোহাম্মদ সজিবকে মহিউদ্দিন চিশতিয়া হত্যার হুমকিও দিচ্ছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পুলিশ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। তবে মহিউদ্দিন চিশতিয়া ওইদিন মাত্র পাঁচ মিনিট সভা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সভায় মহিউদ্দিন চিশতিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার নামে কেন, কী কারণে এবং কে মামলা করেছে, তা আমার জানা নেই।” তিনি আরও বলেন, ড. আবদুল মঈন খানের আদর্শে রাজনীতি করার অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে দাঁড়ানো, এবং চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলতে তিনি বিন্দুমাত্র ভয় পান না। চিশতিয়া জানান, তিনি আগামীতে ঘোড়াশাল পৌরসভায় নির্বাচন করবেন এবং মাদকের বিরুদ্ধে কাজ করছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, গুরুতর মামলার প্রধান আসামি হয়েও মহিউদ্দিন চিশতিয়ার প্রকাশ্যে জনসভায় অংশ নেওয়া এবং নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিস্ময়কর। সভায় তিনি অনুসারীদের নিয়ে বক্তব্য দেন এবং তার সমর্থকেরা রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার স্লোগান দেন। এই জনসমাগম ও চিশতিয়ার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভয়ে অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নন।
মামলার বাদী ও জেলা ছাত্রদলের সহসভাপতি সজিব ভুইয়া অভিযোগ করেন, অপহরণ, হামলা ও ব্যবসায়ীর কানে কামড় দেওয়ার মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় উল্টো তাকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তার দাবি, প্রধান আসামি মহিউদ্দিন চিশতিয়া ও তার অনুসারীরাই এই হুমকি দিচ্ছেন।
রিপোর্টারের নাম 
























