ঠাকুরগাঁও সদর উপজেলায় এক দম্পতিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্প (সিপিসি-১) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত শেষ রাতে জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭) এর বাড়িতে অভিযান চালানো হয়। তাদের আধাপাকা বসতঘর তল্লাশি করে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক মজুদ করে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তারা পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।
র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ বিষয়ে নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















