রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়িতে’ ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন জানানো হয়।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউর গাজী এমএইচ তামীম, যিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান।
আসামিপক্ষের আইনজীবীরা শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। এই মামলায় গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে।
মামলায় পলাতক থাকা অন্য আসামিরা হলেন— ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
রিপোর্টারের নাম 























