রাজধানীর ভাটারা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা বাড়ির নিচতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)। তাদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহীন একটি কাপড়ের শোরুমে কাজ করেন এবং তারা ওই বাসাটিতে ভাড়া থাকতেন। ভোরে তাদের বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই বাসার ভেতরে থাকা ওই তিনজন দগ্ধ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে আনা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
রিপোর্টারের নাম 





















