মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির পরিপ্রেক্ষিতে নিজেদের নাগরিকদের ইরান ভ্রমণে বিরত থাকতে পরামর্শ দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে, ইরানে বর্তমানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে সাময়িকভাবে দেশটি ত্যাগ করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
ইরানের ভারতীয় দূতাবাস থেকে জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতীয়দের ইরান সফরের পরিকল্পনা স্থগিত রাখা উচিত। এছাড়া, যারা বর্তমানে ইরানে আছেন, তাদের ‘উপলব্ধ ফ্লাইটের মাধ্যমে সাময়িকভাবে দেশটি ত্যাগের বিষয়টি বিবেচনা করতে’ বলা হয়েছে।
আঞ্চলিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায়। টানা নবম দিনের মতো গত সোমবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। এর মধ্যে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে অচল হয়ে পড়েছে। এই ঘটনা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এক মাস আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে, যা বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তৈরি করছে।
রিপোর্টারের নাম 























