যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি উন্নত করতে এবং জনমতকে প্রভাবিত করার লক্ষ্যে ইসরাইল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রায় ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের একটি ব্যাপক প্রচারণা চালাচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে ‘এমা’, ‘সারা’ ও ‘জন’-এর মতো সাধারণ নাম ব্যবহার করে লাখ লাখ এআই-নির্ভর বার্তা যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের কাছে পাঠানো হয়েছে। এসব বার্তায় নিজেদের ‘ফ্রেন্ডস ফর পিস’ নামে একটি সংগঠনের পরিচয় দেওয়া হলেও, এই নামে কোনো নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান বা কোম্পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বার্তাগুলোর মাধ্যমে প্রাপকদের কাছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শান্তি আলোচনা বৈশ্বিক নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। এর মাধ্যমে ইসরাইল-পন্থী জনমত গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এই প্রচারণাটি ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তির অংশ, যার নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল। এআই-ভিত্তিক বার্তা প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্পার্কফায়ার গত মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই কাজের জন্য ৬.৫ মিলিয়ন ডলার পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্কেলের দল ইসরাইল-পন্থী বিভিন্ন ওয়েবসাইট এবং অনলাইন কন্টেন্টও তৈরি করেছে, যাতে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআই প্ল্যাটফর্মে ইসরাইল সম্পর্কে আরও ইতিবাচক উত্তর পাওয়া যায়। উল্লেখ্য, গত বছর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানিয়েছিলেন যে, ২০২৬ সালের বাজেটে বিশ্বব্যাপী ইসরাইলের ভাবমূর্তি উন্নয়ন এবং ‘জনমত গঠন’-এর জন্য ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম পরিচালনার জন্য অন্তত ছয়টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরাইলের পক্ষে কাজ করার জন্য প্রায় তিন ডজন ব্যক্তি বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করেছেন। এদিকে, গত বুধবার পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ইসরাইল সরকারের কিছু সদস্যের ইরান-সংক্রান্ত সংঘাত দীর্ঘায়িত করার আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
রিপোর্টারের নাম 























