২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ দিন ধরে তদন্ত কার্যক্রম চালিয়েছে। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন দাখিল করা হয়েছে। বর্তমানে প্রতিবেদনটি চূড়ান্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে, যাতে একটি সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা যায় এবং প্রকৃত অপরাধীরা বিচারের মুখোমুখি হন।
তিনি আরও বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে আজ খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার আশা করা হচ্ছে। এই মামলায় কারা আসামি হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও বিজিবি প্রধানসহ বেশ কয়েকজনের নাম প্রতিবেদনে উঠে এসেছে। এসব নাম যাচাই-বাছাই করা হচ্ছে এবং চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের নাম সংযোজন-বিয়োজন হতে পারে।
শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, প্রাথমিকভাবে নিহত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেলেও, এরই মধ্যে ৫৮ জনের পরিচয় সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























