দেশের সীমান্ত সংযোগ সড়ক উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ছয় হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প হাতে নিতে যাচ্ছে। ‘সীমান্ত সংযোগ সড়ক পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এই নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে।
গত ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে প্রকল্পটি অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। প্রকল্পের সারসংক্ষেপ অনুযায়ী, এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯৯১ কোটি ২৮ লাখ টাকা এবং মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারা সীমান্ত শান্তিপূর্ণ রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। যদিও এই প্রকল্প সম্পর্কে বিজিবিকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উন্নত সড়কের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি কর্মকর্তা জানান, অনুন্নত রাস্তাঘাটের কারণে বিজিবি সদস্যদের চলাচলে কষ্ট হয়। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো সমস্যা মোকাবিলায় তারা আগের চেয়ে এখন জনগণের সমর্থন ও সহযোগিতা বেশি পাচ্ছেন।
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তের সংযোগ সড়কগুলো উন্নত হলে মাদক ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন বন্ধে তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে সীমান্ত এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আরও গতি আসবে।
রিপোর্টারের নাম 



















